উদ্যোগ
অল্টারনেটিভ পাঠচক্র [Alternative Study Circle (ASC)]
এর
ঘোষণাপত্র
—————————————————
শাসকশ্রেণীর রংবেরঙের জোড়াতালির গণতন্ত্র, ধ্বজাধারী সুশীলদের মেকি গণতন্ত্র, জগদ্দল পাথরের মত চেপে বসা সামন্ততন্ত্র, তথাকথিত মুক্তবিশ্ব-মুক্ত গণতন্ত্রের নামে বেনিয়া করপোরেট পুঁজিতন্ত্র এবং বেশুমার ভোগবাদী খেয়োখেয়ির এই বিটকেলে সমাজে বাঁচতে হলে লড়াই করে বাঁচতে হবে। এখানে বিকশিত হতে হলে, পাহাড়প্রমাণ বাধা বিপত্তি পেরিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে গেলে সেই উঁচু করতে চওয়া মাথায় নানা জটিল হিসেব ধারণ করতে হবে। আমরা এমনই এক জটিল দুরারোগ্য ব্যাধিগ্রস্ত সমাজে বসবাস করি, যেখানে প্রতিনিয়ত শ্রেণীসংগ্রামের আগুনে পুড়ে পুড়ে নিজেদের বিকাশ ঘটাতে হয়। আমাদের বলতে আমরা বোঝাতে চাইছি বিশাল নিপীড়িত জনসাধারণকে। সেই বিশাল নিপীড়িত জনসাধারণের কাতারে নিজেদের মিশিয়ে দিতেই আমাদের এই চেষ্টা। এর আগে বহুবার আমাদের অগ্রজরা একাজ করেছেন। কেউ সফলভাবে করেছেন, কেউবা মাঝ পথে গিয়ে থেমে গেছেন, কিংবা প্রথভ্রষ্ঠ হয়েছেন। আমরা সেই সব ইতিহাস ঐহিত্য মাথায় রেখেই নিপীড়িত মানুষের সঙ্গে নিজেদের একীভূত করতে চাই। আমরা জানি কাজটি মোটেই সহজ সরল নয়। এর প্রতিটি বাঁকেই ওৎ পেতে আছে হাজারো সমস্যা, প্রশ্ন এবং বিভেদ-বাধার দেয়াল। এবং আমরা এও জানি ওই দুর্গম বিভেদের পাহাড় টপকানোর যে ব্রত আমাদের, তার প্রেরণা মহান সর্বহারা শ্রেণীর মুক্তির আলোকবর্তিকা মার্কসবাদ-লেনিনবাদ-মাওবাদ। এটাই আমাদের পাথেয়। আমাদের উলব্ধি।
যুগ যুগ ধরে আমাদের দেশের জনগণ উপনিবেশবাদ, সামন্তবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই করে আসছেন। তারা ব্রিটিশ ও পাকিস্তান আমল থেকে শুরু করে শেখ মুজিবের একদলীয় স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করেছেন। জিয়া-এরশাদের সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধেও সংগ্রাম অব্যহত রেখেছেন। সে লড়াই আজও চলছে। যতদিন না সর্বহারা শ্রেণীর রাষ্ট্র কায়েম হবে ততদিন এ লড়াই অব্যহত থাকবে।
রাষ্ট্র কী? রাষ্ট্র হচ্ছে বর্তমান পীড়নমূলক সমাজ ব্যবস্থা টিকিয়ে রাখার হাতিয়ার। জাতীয় পরাধীনতা, গণতন্ত্রহীনতা আর স্বৈরতন্ত্রের পাহারাদার গণবিরোধী ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থাকে পরিপূর্ণভাবে বাতিল করা এবং কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত তথা সকল দেশপ্রেমিক গণতন্ত্রকামী জনগণের ক্ষমতার নতুন ব্যবস্থা প্রতিষ্ঠা করাই আজকের দিনের প্রধান কাজ। রাষ্ট্রীয় শ্বেত সন্ত্রাস, দুর্নীতি, দুঃশাসন, কালো আইন, কালো চুক্তি, কুশিক্ষা, অব্যহত দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, একচেটিয়া বাজার অর্থনীতি, করপোরেট গ্লোবালাইজেশন, বেকারত্ব, গ্রামাঞ্চলে জোতদারি-মহাজনী ব্যবস্থা, জাতীয় আত্মমর্যাদাহীনতা, পাহাড়ি সংখ্যালঘু জাতিস্বত্ত্বাসহ সমতলের আদিবাসী ও দলিতদের বিরুদ্ধে উগ্র জাতীয়তাবাদী নিপীড়ন, ইঙ্গ-মার্কিন সাম্রাজ্যবাদ, সম্প্রসারণবাদ, আমলা-মুৎসুদ্দি পুঁজিবাদের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে শ্রমিক-কৃষক যৌথ শক্তির জোটের দীর্ঘস্থায়ী নয়া গণতান্ত্রিক আন্দোলনই পারে কাঙ্খিত সেই নয়া গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে।
রাষ্ট্র, সমাজ, শ্রেণীসংগ্রাম, শ্রেণীবৈষম্য, নানা রঙের শোধনবাদ, সংশোধনবাদ, সামন্ত অবশেষের পিছু টানার চিরায়ত ঐতিহ্য, প্রগতিশীলতার নামে বুর্জোয়া লেজুরবৃত্তি, সর্বহারা শ্রেণীর দরদী সেজে বেনিয়া করপোরেট বাণিজ্যের দোকানদারি, চিন্তা-চেতনায় সঠিকতার বদলে শর্টকাট রাস্তা খোঁজার সংশোধনবাদিতা এবং পেটি বুর্জোয়া আপোষকামিতা থেকে শুরু করে পেটিবুর্জোয়া সকল প্রকার সীমাবদ্ধতার কথা মাথায় রেখেই আমরা আমাদের চিন্তা-চেতনাকে নিপীড়িত মানুষের মুক্তির লক্ষ্যে শাণিত করতে চাই। এবং সেই লক্ষ্যকে সামনে রেখে শুধু অধ্যয়নের জন্য অধ্যয়ন না করে সত্যিকার অর্থে বিশ্বের সকল নিপীড়িত শ্রেণীর মুক্তির মহান দিশা মার্কসবাদ-লেনিনবাদ-মাওবাদ এবং বর্তমান বিশ্বে এই তাত্ত্বিক দর্শনের সঠিক প্রয়োগের ইতিহাসের সঙ্গে আমাদের দেশের ঐতিহ্যের সফল সংমিশ্রণ ঘটিয়ে আমাদের পাঠ আর অধ্যয়নকে প্রাত্যহিক জীবনের অনুসঙ্গ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।
আপনি যদি আপনার চারপাশের অনাচার, অত্যাচার, নিপীড়িন, ব্যাভিচার, শ্রেণীশোষণ, শ্রেণীঘৃণা, শ্রেণীনির্মূলকরণ, বণিক সমাজের হাজারো বজ্জাতি, জোচ্চুরি, লাম্পট্য দেখে চোখ বন্ধ করে স্বস্তি পাওয়ার বদলে সদা জাগ্রত থেকে নিজের একটি জীবনে লক্ষ জীবনের অনুকরণীয় হয়ে উঠতে চান তাহলে এই পাঠশালায় আপনি সাদর আমন্ত্রিত। আপনাকে সংগ্রামী শুভেচ্ছা।।
ইমেইল: mongoldhoni@gmail.com
ফেসবুক গ্রুপ: https://www.facebook.com/groups/alternativesc








Facebook
Twitter
Wordpress
RSS
GooglePlus